প্রুফ্রকের প্রেমের গান : [ টি এস এলিয়ট, ২৬ সেপ্টেম্বর ১৮৮৮ — ৪ জানুয়ারি, ১৯৬৫]
মূল ইংরেজি কবিতা: The Love Song of J. Alfred Prufrock – Poetry Foundation
প্রুফ্রকের প্রেমের গান :
চলো তবে যাই আমরা দুজনে মিলে
সন্ধ্যা যখন বিস্তৃত সারা আকাশের নীলে
টেবিলে শায়িত ইথারিভূত রুগীর মতো;
চলো যাই, এক নির্জন-প্রায় রাস্তায়
সস্তা হোটেল, অস্থির রাত, অস্ফুট আশ্রয়
ঘুণধরা, আর ঝিনুক খোলায় সাজানো পান্থশালায় :
যে পথ চলে অভিসন্ধিতে
ক্লান্তিজনক তর্কের ঝোঁকে
নিয়ে চলে এক দুর্বহ প্রশ্নের দিকে
ওহ, জিজ্ঞেস করো না “ কী সে প্রশ্ন ভাই?”
বরং চলো, যাই, সারি সাক্ষাতটাই।
নারীরা ঘরের ভিতর আসে আর যায়,
মাইকেলএঞ্জেলো নিয়ে খালি বকে যায় ।
যে হলদে কুয়াশা পিঠ ঘষে যায় জানলার শার্সিতে,
যে হলদে ধোঁয়াটা নাক রগড়ায় জানলার শার্সিতে,
যার জিভ চাটে সন্ধ্যার আনাচ কানাচ,
নর্দমা জলে খানিক দাঁড়ায়
চিমনি থেকে গড়িয়ে নামা ঝুল কালি পিঠে গড়িয়ে পড়ে
ছাদ থেকে পিছলায়, ছোট্ট লাফায়,
অক্টোবরের নরম রাতের পেলব পরশ পেয়ে,
বাড়ির কোথাও গুটিয়ে থেকে অঘোরে ঘুমায়।
আর নিশ্চয় সময় থাকবে
হলদে কুয়াশা রাস্তা ধরে গড়িয়ে পড়ার জন্য,
জানলার শার্সিতে নিজের পিঠ ঘষার জন্য;
সময় থাকবে, থাকবে অনেক সময়
সাজবে তোমার মুখ অনেক মুখ দেখার জন্য;
সময় থাকবে ধ্বংস করে সৃষ্টি করার,
আর সময় সকল কাজের জন্য,
হাতে গোনা সব দিনের জন্য
প্রতি উঠে আসা প্রশ্নের জন্য
সময় তোমার জন্য, সময় আমার জন্য,
আর সময় থাকবে বহু সংশয়, দ্বিধা দ্বন্দ্বের,
সময় থাকবে শুধরে নেওয়া অজস্র স্বপ্নের,
যদি তার আগে এক কাপ চা বিস্কুট হয়।
নারীরা ঘরের ভিতর আসে আর যায়,
মাইকেলএঞ্জেলো নিয়ে খালি বকে যায় ।
আর সময় নিশ্চই থাকবে ভাবার,
“একটু সাহস করব?” “করব আমি সাহস?”
সময় থাকবে, পিছন ফিরে, সিঁড়ি বেয়ে নামতে
মাথার মধ্যে চুল সরিয়ে খোলা টাক ঢাকতে—
(ওরা তখন বলবে:”দেখ ওর চুল কত পাতলা হয়ে গেছে!”)
আমার মর্নিং কোট, বেষ্টিত কলার উন্নত চিবুকের কাছে,
আমার দামি, শৌখিন টাই, ছাপোষা পিনে আটকে আছে—
(ওরা বলবে: “কিন্তু ওর হাত পা জীর্ণ শীর্ণ হয়ে গেছে!”)
আমার স্পর্ধা হবে?
ব্রহ্মাণ্ড নাড়িয়ে দিতে?
মুহূর্তে মিলবে সময়
সিদ্ধান্ত নেবার, শুধরে নেবার,
আর পরমুহূর্তেই পাল্টি খাওয়ার
কারণ আমি এদের সবাইকে ইতিমধ্যে চিনে গেছি, জেনে গেছি সবাইকে—
জেনেছি সন্ধ্যা, সকাল, বিকেলগুলোকে,
কফির চামচে মেপেছি আমার জীবন;
চিনেছি ক্ষীয়মাণ স্বর, মৃত্যুকূপে লীন
দূর কক্ষ থেকে ভেসে আসা সুরের অতল হতে।
ভরসা তাই কোত্থেকে করি?
আমি এদের সবার চোখের দৃষ্টি চিনেছি, চিনেছি সবাইকে—
যে দৃষ্টি তোমাকে একটা বাক্যখণ্ডে বদ্ধ করে
তেমনই বদ্ধ আমি, লটকে আছি পিনে, দেয়ালে আটকে ছটফটাচ্ছি
তখন কেমন করে শুরু করব বলো?
উগরে দেবো কি দিন যাপনের পোড়া অবশেষ?
ভরসা তাই করি কোত্থেকে ?
আমি সব বাহু দঙ্গল ইতিমধ্যে চিনেছি, চিনেছি সবগুলি—
কঙ্কন পরা বাহু, শুভ্র, উন্মুক্ত
(দীপের শিখায় হালকা বাদামি কেশের ছায়ায় !)
করে তুলছে উদ্ভ্রান্ত?
টেবিলে, আলতো এলানো বাহু, উষ্ণ শালে জড়ানো বাহু,
তাহলে কি আমি ভরসা করতে পারি?
কি ভাবেই বা শুরু করি?
আমি কি বলব তবে, গোধূলি আলোয় শীর্ণ পথ বেয়ে হেঁটেছি কত
দেখেছি জামার হাত গোটানো, জানলার বাইরে ঝোঁকা
নিঃসঙ্গ মানুষের ঠোঁটের পাইপে উঠছে জমাট ধোঁয়া?…
হওয়ার ছিলো আমার জীর্ণ থাবা, এক জোড়া। আঁচড়ে যেতাম ত্বরিত বেগে শান্ত সাগরতটে.
বিকেল গড়িয়ে সন্ধ্যে এলে শান্তির কোলে ঘুমিয়ে পড়ে,
তন্বী আঙুলে আদুরে ছোঁয়ায়,
ঘুমিয়ে…ক্লান্তিতে…বা আলসেমির ভঙ্গিতে,
প্রসারিত, মেঝেতে, এই আমার আর তোমার পাশে।
চা, কেক আর বরফ কুচির পর, আমি কি
ঠেলতে পারি মুহূর্তকে অনিবার্য সংকটে?
যদিও আমি কেঁদেছি, উপবাস করেছি, কেঁদেছি, প্রার্থনা করেছি,
যদিও দেখেছি থালার উপর সাজিয়ে আনছে আমার মাথা (টাক জোড়া মাথা ),
আমি ধর্মগুরু বা বার্তাবাহক নই — আর কিছুই যায় আসে না তাতে;
আমি দেখেছি আমার গৌরবময় মুহূর্তের শিখা কেমন নিমেষেই কেঁপে ওঠে,
আর আমি দেখেছি আমার চিরন্তন ভৃত্য, আমার কোট আর জুতো আঁকড়ে—
অল্প কথায়, আমি ভয় পেয়ে গেছি।
আর এসব যদি মূল্য পেতো, শেষ পর্যন্ত,
কাপের পর কাপ, মার্মালেড, চা,
পোর্সেলিন এর সরঞ্জাম, তোমার আমার কিছু কথা,
মূল্য পেতো যদি, হাসির ছলে প্রসঙ্গ আড়াল করে
এ ব্রহ্মাণ্ডকে মুঠোয় নিয়ে গোলকের মতো ছুঁড়ে দিতাম কোনো দুর্বহ প্রশ্নের মুখে,
এটা বলতে, “আমি লাজারুস, মৃত্যু থেকে উঠে এসেছি,
ফিরে এসেছি তোমায় বলব বলে,
সবটা বলব বলে”–
অথচ যদি সে মাথার বালিশ সরাতে সরাতে বলে,
“আমি তো মোটেই বলতে চাইনি তা;
মোটেই না, একদমই না”।
আর এসবের কি মূল্য ছিলো কোনও, শেষমেশ
কোনও মূল্য ছিলো এসবের,
গোধূলির রাগে, দরজার পাশে খোলা উঠোনে
আর জল সিঞ্চিত পথের পরে,
সদ্য শেষের উপন্যাস, অনেক চায়ের কাপ, ওড়না লোটানো ঘরের প্রান্তে—
এসব কিছুর পরে, আরও অনেক কিছুর পরে?—
বলতে পারিনা যা বলতে চাই আমি!
যেন কোন জাদুর প্রদীপ পর্দার পরে স্নায়ু দিয়ে এঁকেছে আল্পনা :
কোনও মূল্য ছিলো কি এসবের
যদি কেউ তার মাথার বালিশ সরিয়ে বা গায়ে লাল শাল জড়িয়ে ,
জানলার দিকে ফিরে বলত:
“আমি তো মোটেই বলতে চাইনি তা ; মোটেই না, একদমই না”।
না, আমি যুবরাজ হ্যামলেট নই, হবার ছিলামও না;
আমি তাঁর এক অনুগামী সহচর মাত্র, এমন একজন
যে ভিড় বাড়ায়, এক আধটা দৃশ্য শুরু করে,
যুবরাজকে জ্ঞান দিতে পারে, নিঃসন্দেহে, এক সহজ যন্ত্রী,
অনুগত, বিনয়ী, কাজে আসলে খুশি
কূটনীতি প্রিয়, সাবধানী, আর কর্মে নিখুঁত ;
বড় কথা বলে, কিন্তু জট পাকানো;
কখনও সখনও, সত্যি বলতে, প্রায় হাস্যকর—
আর কখনও বা, মাঝে সাঝে, হ্যামলেট এর ভাঁড়.
বুড়ো হচ্ছি….আমি বুড়ো হচ্ছি….
প্যান্ট এর নিচের অংশ টা গুটিয়ে পরেছি ।
চুলের সিঁথি উল্টে করি? সাহস করে পীচ খেয়ে নিই?
সাদা ফ্ল্যানেলের প্যান্ট পরব, আর সাগরপাড়ে হেঁটে যাব
শুনেছি জলপরীরা গান গায়, শোনায় একে অপরকে গান।
মনে হয় না আমার জন্য কোনো গান ওরা গাইবে।
ঢেউ এর বুকে ভাসতে ভাসতে সাগরপানে যাচ্ছে সাঁতরে তরঙ্গের শুভ্র ফেনা, পক্ককেশ উল্টে আঁচড়ে তারা
বাতাস বয়ে সাগর জলে উঠছে সাদা কালোর ধারা।
সাগরের গোপন কক্ষে অপেক্ষায় থাকি আমরা
বাদামি আর লালে, সাগর কন্যারা শৈবাল মালা গলে —
মানবকণ্ঠ জাগিয়ে তুলে ডুবিয়ে দিল অতলে।
“প্রুফ্রকের অস্তিত্বের সংকট ও মনস্তত্ত্ব নিয়ে বিস্তারিত পাঠ প্রতিক্রিয়া পড়ুন গৌতম মুখোপাধ্যায়ের আমার প্রুফ্রক, আমি-প্রুফ্রক নিবন্ধে।”