গণতান্ত্রিক অধিকার কীভাবে পদদলিত হচ্ছে — দিল্লি থেকে বাংলা
১৫ নভেম্বর, ২০২৬ | কলকাতা, পশ্চিমবঙ্গ
এই লেখাটা কোনো দলের হয়ে লেখা নয়। এই লেখাটা সংবিধানের হয়ে লেখা। কারণ সংবিধান যখন ভাঙে, তখন দল বাঁচে না, মানুষও বাঁচে না।
গণতন্ত্র আসলে কী?
আমরা ছোটবেলা থেকে শিখেছি — গণতন্ত্র মানে জনগণের শাসন। Demos মানে জনগণ, Kratia মানে শাসন। কিন্তু এই সংজ্ঞাটা অসম্পূর্ণ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বলে, গণতন্ত্রের তিনটে স্তম্ভ আছে। একটা ভাঙলে বাকি দুটোও দাঁড়িয়ে থাকতে পারে না। প্রথম স্তম্ভ — রাজনৈতিক গণতন্ত্র: জনগণ ভোট দেবে, সরকার বদলাবে। নির্বাচন, সংসদ, দল। দ্বিতীয় স্তম্ভ — সাংবিধানিক গণতন্ত্র: শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়। সংবিধান, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ। সংখ্যাগরিষ্ঠরাও ইচ্ছে করলেই সংখ্যালঘুর অধিকার কেড়ে নিতে পারবে না। তৃতীয় স্তম্ভ — সামাজিক গণতন্ত্র: ড. বি. আর. আম্বেদকর বলেছিলেন, রাজনৈতিক গণতন্ত্র ততক্ষণ অর্থহীন, যতক্ষণ সামাজিক গণতন্ত্র না আসে। অর্থাৎ, সাম্য, মর্যাদা, মত প্রকাশের স্বাধীনতা, ভয় ছাড়া বাঁচার অধিকার। যদি শুধু ভোট থাকে, কিন্তু সংবিধান, কোর্ট, মিডিয়া আর সংখ্যালঘুর অধিকার না থাকে — সেটাকে বলে নির্বাচনী স্বৈরতন্ত্র বা Electoral Autocracy। ভোট হয়, কিন্তু গণতন্ত্র থাকে না।ভারতের সংবিধান এই তিনটেকেই একসাথে ধরেছিল। প্রস্তাবনায় লেখা — সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এবং নাগরিকদের দিয়েছিল মৌলিক অধিকার — সাম্যের অধিকার (১৪ নং ধারা), বাক ও মত প্রকাশের স্বাধীনতা (১৯ নং ধারা), জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার (২১ নং ধারা), ধর্মীয় স্বাধীনতা (২৫-২৮ নং ধারা)। প্রশ্ন হলো — এই অধিকারগুলো আজ কোথায় দাঁড়িয়ে?
দুই রকম সমাজ
ইনক্লুসিভ বনাম এক্সক্লুসিভ।
ইনক্লুসিভ সোসাইটি — সবার সমাজ: যেখানে সবাই ভেতরে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, দলিত, আদিবাসী, নারী, কৃষক, শ্রমিক, ছাত্র — কেউ বাইরে নয়। রাষ্ট্র সবার। আইন সবার জন্য সমান। ভারতের সংবিধান এই ইনক্লুসিভ সমাজের স্বপ্ন দেখেছিল। তাই প্রস্তাবনায় লেখা — We, the People of India — আমরা, ভারতের জনগণ। শুধু হিন্দুরা নয়, শুধু সংখ্যাগরিষ্ঠরা নয় — আমরা সবাই। রবীন্দ্রনাথ বলেছিলেন — “যেথায় থাকে সবার অধম, দীনের হতে দীন, সেইখানে যে চরণ তোমার রাজে।”
এক্সক্লুসিভ সোসাইটি — বাছাই করা লোকের সমাজ: যেখানে কিছু মানুষ ভেতরে, আর কিছু মানুষ বাইরে। কে ভেতরে থাকবে, সেটা ঠিক করে দেবে ধর্ম, ভাষা, জাত, খাদ্যাভ্যাস, পোশাক, স্লোগান। ভারতে এখন এই পরিবর্তনটাই ঘটছে — ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভের দিকে যাত্রা। CAA-তে মুসলমানদের বাদ দেওয়া, NRC-তে কাগজ চাওয়া, বুলডোজার দিয়ে একটা সম্প্রদায়ের বাড়ি ভাঙা, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ — এগুলো সবই এক্সক্লুসিভ সমাজের লক্ষণ। এক্সক্লুসিভ সমাজে একটা ভয়ংকর নিয়ম কাজ করে — আজ যাকে বাইরে রাখা হচ্ছে, কাল আমাকেও বাইরে রাখা হবে। আজ মুসলমান, কাল দলিত, পরশু আদিবাসী, তারপর নারী, তারপর কৃষক, তারপর সাংবাদিক। এক্সক্লুসিভ সমাজের পেট কখনো ভরে না।
প্রাচ্য বনাম পাশ্চাত্য — গণতন্ত্রের দুই ধারণা
অনেকে বলে — গণতন্ত্র তো পাশ্চাত্যের জিনিস। ভারতের মাটিতে পাশ্চাত্যের গণতন্ত্র খাটে না। এই কথাটা অর্ধেক সত্যি, অর্ধেক মিথ্যে।
পাশ্চাত্যের ধারণা: ব্যক্তির অধিকার। ব্যক্তি আগে, রাষ্ট্র পরে। রাষ্ট্র যদি ব্যক্তির অধিকার কাড়ে, তাহলে ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে কোর্টে যেতে পারবে। জন লক, রুশো, মন্টেস্কু — এঁরা বলেছিলেন, রাষ্ট্রের ক্ষমতা সীমিত।
প্রাচ্যের ধারণা: ভারতে প্রাচীনকাল থেকে ছিল — সভা, সমিতি, গণ, সংঘ। বৌদ্ধ সংঘে ভোট দিয়ে সিদ্ধান্ত হতো। ভারতের ধারণা ছিল — ধর্ম মানে শুধু পূজা নয়, ধর্ম মানে কর্তব্য, ন্যায়, সবার প্রতি দায়িত্ব। অশোকের শিলালিপিতে লেখা — “সব ধর্মের মানুষকে সম্মান করো।” আকবর বলেছিলেন — সুলহ-ই-কুল — সবার সাথে শান্তি। গান্ধী বলেছিলেন — সর্বোদয় — সবার উন্নতি। রবীন্দ্রনাথ বলেছিলেন — “ভারতবর্ষের ইতিহাস হলো মিলনের ইতিহাস।”
অর্থাৎ, পাশ্চাত্য বললো — ব্যক্তিকে বাঁচাও। প্রাচ্য বললো — সবাইকে নিয়ে বাঁচো। দুটো ধারণা একে অপরের বিরোধী নয়, পরিপূরক। ভারতের সংবিধান এই দুটোকেই মিলিয়েছিল। কিন্তু এখন কী হচ্ছে? পাশ্চাত্যের ব্যক্তি-অধিকারটাকে বলা হচ্ছে “বিদেশি ষড়যন্ত্র”, “আর্বান নকশাল”, “টুকরে টুকরে গ্যাং”। আর প্রাচ্যের সর্বজনীন মিলনের ধারণাটাকে বদলে দেওয়া হচ্ছে এক ধর্মের, এক ভাষার, এক সংস্কৃতির একক পরিচয়ে। আসল প্রাচ্য কখনো এক্সক্লুসিভ ছিল না। আসল প্রাচ্য ছিল ইনক্লুসিভ। বুদ্ধ, মহাবীর, কবীর, নানক, চৈতন্য — কেউ কাউকে বাদ দেননি। যে প্রাচ্যের কথা বলে আজ মানুষকে বাদ দেওয়া হচ্ছে, সেটা প্রাচ্য নয়, সেটা প্রাচ্যের মুখোশ পরা পাশ্চাত্যের ফ্যাসিবাদ।
গণতান্ত্রিক অধিকার: রাষ্ট্র বনাম সাধারণ মানুষ
কে কার জন্য?
গণতন্ত্রের সবচেয়ে বড় প্রশ্ন — রাষ্ট্র কার জন্য? মানুষ রাষ্ট্রের জন্য, নাকি রাষ্ট্র মানুষের জন্য? সংবিধান বলছে — রাষ্ট্র মানুষের জন্য। রাষ্ট্র হলো সেবক। মানুষ হলো মালিক। কিন্তু এখন ছবিটা উল্টে যাচ্ছে। রাষ্ট্র হয়ে যাচ্ছে মালিক, মানুষ হয়ে যাচ্ছে প্রজা।
১. রাষ্ট্র এখন ভয় দেখায়, ভরসা দেয় না: একজন কৃষক ফসলের দাম চাইলে, তাকে বলা হয় দেশদ্রোহী। একজন ছাত্র ফি কমাতে বললে, তাকে বলা হয় আর্বান নকশাল। একজন সাংবাদিক প্রশ্ন করলে, তাকে বলা হয় বিদেশি এজেন্ট। একজন মুসলমান নাগরিকত্বের কাগজ চাইলে, তাকে বলা হয় অনুপ্রবেশকারী।
২. রাষ্ট্র এখন শোনে না, শুধু বলে: মন কি বাত — প্রধানমন্ত্রী বলবেন, মানুষ শুনবে। কিন্তু মানুষের মনের কথা কে শুনবে? সংসদে বিতর্ক কমে গেছে। ১০ বছর ধরে প্রধানমন্ত্রী একটাও প্রেস কনফারেন্স করেননি।
৩. রাষ্ট্র এখন সেবা নয়, শাসন: আগে রাষ্ট্র মানে ছিল — স্কুল, হাসপাতাল, রাস্তা, জল। এখন রাষ্ট্র মানে — ED, CBI, পুলিশ, বুলডোজার, নজরদারি। কৃষক আত্মহত্যা করলে রাষ্ট্র নেই। শ্রমিক মারা গেলে রাষ্ট্র নেই। বন্যায় ঘর ভেসে গেলে রাষ্ট্র নেই। কিন্তু প্রতিবাদ করলেই রাষ্ট্র আছে — লাঠি নিয়ে, জলকামান নিয়ে, UAPA নিয়ে। এই যে রাষ্ট্র আর মানুষের সম্পর্কটা বদলে যাওয়া — এটাই সবচেয়ে বড় পদদলন।
গণতান্ত্রিক অধিকার: প্রথম পদদলন
নেতাকে দেশের চেয়ে বড় করা।
সরকারি প্রকল্প মানেই একটা মুখ। রেশন কার্ড, ভ্যাকসিন সার্টিফিকেট, রেলের টিকিট, পেট্রোল পাম্পের হোর্ডিং — সর্বত্র একজন নেতার ছবি। বিজেপির ২০২৪ সালের ইস্তেহারের নামই ছিল ‘মোদীর গ্যারান্টি’ — দলের নামে নয়, ব্যক্তির নামে। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক একে বলেছেন ‘মেসিয়ানিক স্পেল’ — এমন এক মোহ, যেখানে নেতাকে প্রশ্ন করা মানেই দেশকে প্রশ্ন করা। সংসদ দুর্বল হয়েছে। বিতর্ক ছাড়া বিল পাশ হয়েছে। মন্ত্রিসভা একটা সম্মিলিত সিদ্ধান্তের জায়গা না হয়ে, একটা মুখের ছায়া হয়ে গেছে। গণতন্ত্রে নেতা আসে, নেতা যায়। প্রতিষ্ঠান থেকে যায়। যখন নেতাই প্রতিষ্ঠান হয়ে যায়, তখন গণতন্ত্র আর থাকে না, থাকে ব্যক্তি-পূজা।
গণতান্ত্রিক অধিকার: দ্বিতীয় পদদলন
প্রতিপক্ষকে শত্রু বানানো।
২০১৪ সালের পর থেকে ED প্রায় ১৫০ জন বিরোধী নেতার বিরুদ্ধে তদন্ত করেছে। একই সময়ে বিজেপির মাত্র ৪ জন নেতার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। দুজন বসা মুখ্যমন্ত্রী — অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন — গ্রেফতার হয়েছেন। মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন মাসের পর মাস জেলে থেকেছেন। আর সবচেয়ে ভয়ংকর উদাহরণ — উমর খালিদ আর শারজিল ইমামেরা। ২০২০ সালের দিল্লি দাঙ্গার “বৃহত্তর ষড়যন্ত্র” মামলায় উমর খালিদ জেলে আছেন ১৩ সেপ্টেম্বর ২০২০ থেকে — ৬ বছরের বেশি। এখনো বিচার শুরু হয়নি। ৫ জানুয়ারি ২০২৬-এ সুপ্রিম কোর্ট জামিন খারিজ করে, ১৬ এপ্রিল ২০২৬-এ রিভিউ খারিজ হয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬-এ দিল্লি হাইকোর্ট আবার জামিন খারিজ করে। খালিদের আইনজীবী কপিল সিবাল বলেছেন — দাঙ্গার ৭৫০টা FIR-এর একটাতেও খালিদ-ইমামের নাম নেই। সিনিয়র অ্যাডভোকেট দুষ্যন্ত ডাভে বলেছেন — এই জেলে থাকাটা “সম্পূর্ণ অসাংবিধানিক, বেআইনি”। কিন্তু যে মানুষ দল বদলে শাসক দলে চলে যায়, তার কেস হঠাৎ ঠাণ্ডা হয়ে যায়। লোকে বলে ‘ওয়াশিং মেশিন’। এটা আর আইনের শাসন নয়। এটা হলো আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা — Lawfare।
শারজিল ইমাম — IIT বম্বে থেকে কম্পিউটার সায়েন্স পাশ করা, তারপর JNU-তে ইতিহাসে PhD করতে আসা একটা ছেলে। বই, আর্কাইভ, ইতিহাস — এই ছিল তার জগৎ। ২০১৯-এ CAA-বিরোধী আন্দোলনে সে বক্তৃতা দিল, শাহিন বাগে। তার একটা বক্তৃতার একটা লাইন — “চিকেনস নেক কেটে দেওয়া” — কেটে নিয়ে ছড়িয়ে দেওয়া হলো। পুরো বক্তৃতাটা কেউ শুনলো না। ২০২০ সালের জানুয়ারি থেকে সে জেলে। উমর খালিদেরও আগে থেকে। তার বিরুদ্ধে অভিযোগ — সে নাকি দিল্লি দাঙ্গার মাস্টারমাইন্ড। অথচ দাঙ্গা যখন হলো, ফেব্রুয়ারি ২০২০-তে, তখন সে already জেলে। যে মানুষটা জেলে বসে আছে, সে বাইরে দাঙ্গা করাবে কীভাবে? সুপ্রিম কোর্ট ৫ জানুয়ারি ২০২৬-এ তাকেও জামিন দিল না, উমর খালিদের সঙ্গে। বললো — সে “গুণগতভাবে আলাদা। অথচ একই মামলায় বাকি ৫ জন জামিন পেল। শারজিলের কেসটা আসলে একটা প্রশ্ন — একটা বক্তৃতার একটা লাইনের জন্য একটা মানুষকে ৬ বছর ধরে বিনা বিচারে জেলে রাখা যায়? বক্তৃতা যদি অপরাধ হয়, তাহলে বাক-স্বাধীনতা কোথায়? আর বক্তৃতা যদি অপরাধ না হয়, তাহলে শারজিল কেন জেলে? সে এখনো জেলে, বই ছাড়া। যে ছেলেটা ইতিহাস পড়তে চেয়েছিল, সে এখন নিজেই ইতিহাস হয়ে যাচ্ছে — ভারতের গণতন্ত্রের একটা কালো অধ্যায়ের ইতিহাস।
গণতান্ত্রিক অধিকার: তৃতীয় পদদলন
তথ্যের উপর নিয়ন্ত্রণ।
ক) দরবারি মিডিয়া: বড় বড় টিভি চ্যানেল এখন সরকারের প্রচারযন্ত্রের মতো কাজ করে।
খ) স্বাধীন সাংবাদিককে ভয় দেখানো: RSF-এর ২০২৬ সালের World Press Freedom Index-এ ভারত ১৮০টা দেশের মধ্যে ১৫৭ নম্বরে। ২০২৬ সালের অক্টোবরেই SIR-বিরোধী প্রতিবাদ কভার করতে গিয়ে দিল্লিতে CPJ-এর হিসেবে ৪৩ জন সাংবাদিককে আটক করা হয়েছে। কলম্বিয়া ল স্কুলের রিপোর্ট বলছে, ২০১২ থেকে ২০২২-এর মধ্যে ভারতে সাংবাদিকদের বিরুদ্ধে ৪০০-র বেশি ফৌজদারি মামলা হয়েছে। বেশিরভাগ মামলায় সাজা হয়নি — মানে প্রসেসটাই শাস্তি।
গ) সোশ্যাল মিডিয়া: মার্চ থেকে জুলাই ২০২৬-এর মধ্যে সরকার প্রায় ১,৯৫,০০০টা পোস্ট সরানোর নির্দেশ দিয়েছে। নতুন ডেটা প্রোটেকশন আইন নিয়ে ২১টা মিডিয়া সংস্থা সুপ্রিম কোর্টে গেছে — তাদের অভিযোগ, এই আইনে সাংবাদিককে খবর ছাপার আগে অনুমতি নিতে হবে, এটা আসলে প্রি-সেন্সরশিপ।
গণতান্ত্রিক অধিকার: চতুর্থ পদদলন
একজনকে বলির পাঁঠা বানানো
CAA ২০১৯: ছয়টা ধর্মের মানুষকে দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে — হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টান। বাদ শুধু মুসলমান। সাথে NRC-র কথা। অমিত শাহ নিজে বলেছিলেন — প্রথমে CAA, তারপর NRC।
বুলডোজার: উত্তরপ্রদেশে বুলডোজার এখন ব্র্যান্ড। সুপ্রিম কোর্ট ২০২৪-এ বলেছে, শাস্তি হিসেবে বুলডোজার চালানো বেআইনি, তাও চলছে। আসামে ২০২৬ সালের নভেম্বরেই লখিমপুরে ১৯৮৩ সালের দাঙ্গায় বেঁচে যাওয়া মুসলমান পরিবারদের বাড়ি, মসজিদ, কবরস্থান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
হেট স্পিচ: জমিয়ত উলেমা-ই-হিন্দের হিসেবে, গত এক বছরে ১৬০০-র বেশি যাচাই করা হেট স্পিচের ঘটনা ঘটেছে, তার ৮৭% ক্ষেত্রে FIR-ই হয়নি।
মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলা: ২০০৬ সালে ১৮৭ জন মারা গিয়েছিলেন। ১২ জন মুসলমান যুবককে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ২০২৫ সালের ২১ জুলাই বম্বে হাইকোর্ট তাঁদের বেকসুর খালাস করে দেয় — ১৯ বছর পর।
গণতান্ত্রিক অধিকার: নতুন অধ্যায়
এলগার পরিষদ: কবিতা কীভাবে সন্ত্রাসবাদ হয়ে গেল
২০১৭ সালের ৩১ ডিসেম্বর, শনিবার, পুনের ওয়াডায় একটা সভা হলো — এলগার পরিষদ। মানে “জোরে কথা বলার সভা”। ১৮১৮ সালের ভীমা কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষে। সেখানে দুজন অবসরপ্রাপ্ত বিচারপতিসহ অনেকে বক্তৃতা দিলেন — হিন্দুত্বের একক ধারণার বিরুদ্ধে, দলিত অধিকারের পক্ষে।
পরের দিন, ১ জানুয়ারি ২০১৮, ভীমা কোরেগাঁও স্মৃতিসৌধে দলিতরা জড়ো হলে হিংসা হলো। একজন মারা গেলেন — রাহুল ফটাংগলে। প্রথম FIR হলো দুজন হিন্দুত্ববাদী নেতা সম্ভাজি ভিডে আর মিলিন্দ একবোটের বিরুদ্ধে। তদন্তে তাঁদের দোষী বলেও মনে হলো। কিন্তু তারপর গল্পটা ঘুরিয়ে দেওয়া হলো। দ্বিতীয় FIR হলো এলগার পরিষদের বিরুদ্ধে। বলা হলো — এটা মাওবাদী ষড়যন্ত্র। ২০১৮ থেকে ২০২০-এর মধ্যে ১৬ জন কবি, আইনজীবী, অধ্যাপক, মানবাধিকার কর্মীকে UAPA-তে গ্রেফতার করা হলো — বরবর রাও, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেরা, ভার্নন গঞ্জালভেস, গৌতম নওলাখা, সুরেন্দ্র গ্যাডলিং, সোমা সেন, সুধীর ধাওয়ালে, মহেশ রাউত, রোনা উইলসন, আনন্দ তেলতুম্বডে, আর ৮৩ বছরের জেসুইট ফাদার স্ট্যান স্বামী। স্ট্যান স্বামী জেলে মারা গেলেন ২০২১ সালে। পার্কিনসন্স রোগে তাঁর হাত কাঁপতো, জল খেতে স্ট্র লাগতো। কোর্ট সেই স্ট্র দিতে ৩ মাস সময় নিল। তিনি জামিন পেলেন না, মৃত্যু পেলেন। আর এখন, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত — কেউ দোষী সাব্যস্ত হয়নি। বেঁচে থাকা সবাই জামিন পেয়ে গেছেন। বিচার এখনো শুরু হয়নি। তদন্তকারী অফিসার নিজেই কোর্টে স্বীকার করেছেন — এলগার পরিষদের সাথে ভীমা কোরেগাঁও হিংসার কোনো সম্পর্ক ছিল না। তাহলে ৮ বছর ধরে ১৬টা জীবন কেন নষ্ট হলো? কারণ তাঁরা কবিতা লিখতেন, আইনি সাহায্য দিতেন, আদিবাসীদের হয়ে কথা বলতেন। এলগার পরিষদ প্রমাণ করে দিল — ভারতে এখন কবিতা, গান, আইনি লড়াই — এগুলোই অন্যতম বড় অপরাধ।
আর্বান নকশাল আর দিমাগি নকশাল
একটা শব্দ দিয়ে সবাইকে মুছে দেওয়া
এলগার পরিষদ থেকে জন্ম নিল একটা শব্দ — “আর্বান নকশাল”। আগে নকশাল মানে ছিল — জঙ্গলে বন্দুক নিয়ে লড়াই করা মানুষ। এখন আর্বান নকশাল মানে — শহরে কলম নিয়ে লড়াই করা মানুষ। অধ্যাপক, সাংবাদিক, আইনজীবী, ছাত্র — যেই সরকারের সমালোচনা করবে, সেই আর্বান নকশাল। ২০২৬ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে, আর তারপর দেওয়ালিতে ছত্তিশগড়ে নিরাপত্তা কর্মীদের সাথে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী নতুন শব্দ আনলেন — “দিমাগি নকশাল” — মানে মগজের নকশাল। আনন্দ তেলতুম্বডে দ্য ওয়্যার-এ লিখেছেন — এই শব্দটা আসলে পরের প্রজন্মের যুব-অসন্তোষকে আগেই দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা । মজার কথা, ২০২৪ সালের এপ্রিলে যারা জাতিগত জনগণনা চাইছিল, তাঁদেরও প্রধানমন্ত্রী “আর্বান নকশাল” বলেছিলেন। আর ২০২৫ সালের ৩০ এপ্রিল সরকার নিজেই জাতিগত জনগণনা করার ঘোষণা করলো। মানে — আজ যাকে আর্বান নকশাল বলা হচ্ছে, কাল সরকার নিজেই তার দাবি মেনে নিচ্ছে। কিন্তু ততক্ষণে সেই মানুষটার জীবন শেষ। মহারাষ্ট্রে এখন নতুন আইন এসেছে — মহারাষ্ট্র স্পেশাল পাবলিক সিকিউরিটি অ্যাক্ট। এই আইনে সরকার যেকোনো সংগঠনকে “নকশাল সংগঠন” বলে নিষিদ্ধ করতে পারবে। কংগ্রেস, PUCL, AITUC — সবাই এই আইনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে গেছে। কারণ এই আইনটা আসলে এলগার পরিষদের মডেলকে আইনি রূপ দেওয়া — বিনা বিচারে, বিনা প্রমাণে, যেকোনো সংগঠনকে ব্যান করে দেওয়া। আর্বান নকশাল শব্দটা কোনো আইনি শব্দ নয়। এটা একটা রাজনৈতিক গালাগালি। কিন্তু এই গালাগালি দিয়ে UAPA-র মতো কঠিন আইনে জেলে ঢোকানো যায়। এটাই হলো শব্দ দিয়ে হত্যা করা — শরীরের নয়, সম্মানের, কেরিয়ারের, জীবনের।
গণতান্ত্রিক অধিকার: এনকাউন্টার কিলিং
যখন রাষ্ট্র নিজেই খুনি হয়ে যায়
এ এক ভয়ংকর পদ্ধতি — এনকাউন্টার। এনকাউন্টার দুই রকম। রাজনৈতিক এনকাউন্টার — আদিবাসী, মাওবাদী, সংখ্যালঘু—ছত্তিশগড়ের বস্তারে ২০২৪ সাল থেকে এনকাউন্টার দ্বিগুণ হয়েছে — ৬৮ থেকে ১২১। কিন্তু হত্যা বেড়েছে দশগুণ — ২০ থেকে ২১৭। ২০২৫ সালের ১৮ নভেম্বর মাধবী হিডমা, মাদাকাম রাজে সহ ১৩ জনকে মেরে ফেলা হলো। আদিবাসী সংগঠনগুলোর অভিযোগ — তাঁদের নিরস্ত্র অবস্থায় ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে, তারপর “এনকাউন্টার” বলে চালিয়ে দেওয়া হয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫৫০ জনের বেশি মানুষ এভাবে মারা গেছেন — যাঁদের বেশিরভাগই আদিবাসী। উত্তরপ্রদেশে “অপারেশন লাংড়া” — পায়ে গুলি করা। AP-র তদন্ত বলছে — ২০২০ সাল থেকে গো-পাচারের অভিযোগে প্রায় ৬৫০ জনকে পায়ে গুলি করা হয়েছে, যাঁদের ৯০% এর বেশি মুসলমান। ২০১৭ থেকে ২০২৬ পর্যন্ত UP-তে ১৭,০৪৩টা এনকাউন্টার অপারেশন হয়েছে। ৩১৬ জন মারা গেছেন। আসামে ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৮০ জন এনকাউন্টার বা হেফাজতে মারা গেছেন, ২২৩ জন আহত হয়েছেন। সুপ্রিম কোর্ট ২০২৫ সালের ২৮ মে জওয়াদ্দার বনাম আসাম মামলায় বলেছে — পুলিশ নিজে নিজের তদন্ত করতে পারে না। এনকাউন্টার মানে বিচারবহির্ভূত হত্যা।
প্রমোদ দাশগুপ্তের সেই কথাটা — সত্তরের দশক, আজও সত্যি। সত্তরের দশক। বাংলায় নকশাল আন্দোলন। রোজ খবর আসতো — পুলিশের সাথে “এনকাউন্টারে” নকশাল মারা গেছে। সেই সময় সিপিআইএম নেতা প্রমোদ দাশগুপ্ত একটা কঠিন প্রশ্ন করেছিলেন। তাঁর কথার সারমর্ম ছিল এইরকম —“পুলিশ যখন গুলি চালায়, তখন শুধু নকশালরাই মরে কেন? পুলিশের লোক মরে না কেন? পুলিশের গায়ে কি বর্ম পরানো থাকে, যে পুলিশ মরে না, শুধু নকশালরা মরে?” অবশ্য লোকমুখে কথাটা ছিলঅন্যরকম — “পুলিশের বন্দুকে কি কন্ডোম লাগানো আছে, যে নকশালরা মরে না?”। কথাটা হয়তো এতটা অশ্লীল ছিল না, কিন্তু রাগটা এটাই ছিল। প্রমোদ দাশগুপ্ত আসলে একটা সহজ যুক্তি দিচ্ছিলেন — সত্যিকারের এনকাউন্টার হলে দুই পক্ষেরই লোক মরার কথা। দুই পক্ষই গুলি চালালে, দুই পক্ষেরই আহত হওয়ার কথা। কিন্তু বাংলায় তখন শুধু এক পক্ষই মরছিল — নকশালরা। পুলিশের গায়ে একটা আঁচড়ও লাগছিল না। তাহলে এটা এনকাউন্টার ছিল, নাকি ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা ছিল?
আজ ৫০ বছর পর, ২০২৬-এ বাংলার ৫ টা এনকাউন্টারের গল্প পড়লে মনে হয় — প্রমোদ দাশগুপ্তের প্রশ্নটা এখনো জবাব পায়নি। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জ, নানুর — পাঁচ জায়গাতেই একই গল্প। অভিযুক্ত নাকি পুলিশের রিভলবার কেড়ে নিয়ে গুলি চালালো, পুলিশ পাল্টা গুলি চালালো, অভিযুক্ত মারা গেল। চারটে ঘটনাতেই পুলিশের কেউ মরলো না, কেউ গুরুতর আহতও হলো না। পঞ্চম ঘটনায়ও কিন্তু এনকাউন্টার কিলিং-এর সময়, কোনো পুলিশ কর্মীর আহত হওয়ার খবর নেই। ৫০ বছর আগে প্রমোদ দাশগুপ্ত যেই প্রশ্নটা করেছিলেন, সেই প্রশ্নটা আজও একই আছে —যদি এটা সত্যিকারের গুলি বিনিময় হয়, তাহলে শুধু এক পক্ষই কেন মরে? পুলিশের গায়ে কেন গুলি লাগে না? এনকাউন্টার মানে যদি হয় — পুলিশ বাঁচবে, অভিযুক্ত মরবে — তাহলে সেটা এনকাউন্টার নয়, সেটা বিচার ছাড়া শাস্তি। আর বিচার ছাড়া শাস্তি মানেই গণতন্ত্রের মৃত্যু।
অরাজনৈতিক এনকাউন্টার — ধর্ষক, খুনি:এখানেই খেলাটা আরও সূক্ষ্ম। ধর্ষককে এনকাউন্টারে মেরে ফেললে মানুষ খুশি হয়। “ভালো হয়েছে” বলে। কিন্তু প্রশ্ন হলো — ধর্ষকের বিচার কি পুলিশ করবে, নাকি কোর্ট করবে? হায়দ্রাবাদ ২০১৯ — ৪ জন অভিযুক্তকে এনকাউন্টারে মেরে ফেলা হলো। মানুষ মিষ্টি বিলোলো। কিন্তু পরে দেখা গেল, তদন্তই হয়নি ।এনকাউন্টার মানেই বিচার ব্যবস্থাকে বাইপাস করা। আজ ধর্ষককে মারা হচ্ছে, কাল কাকে মারা হবে? যে সরকারের সমালোচনা করবে, তাকে? যে জমি দেবে না, তাকে? সুপ্রিম কোর্ট PUCL বনাম মহারাষ্ট্র (২০১৪) মামলায় ১৬টা বাধ্যতামূলক নিয়ম দিয়েছিল — FIR করতে হবে, স্বাধীন তদন্ত করতে হবে, ম্যাজিস্ট্রেট তদন্ত করতে হবে, মানবাধিকার কমিশনকে জানাতে হবে। কিন্তু এখন এনকাউন্টার হয়ে গেছে একটা রুটিন — গুলি, তারপর কাগজ। কাগজটা লাশের পেছন পেছন যায়, আগে নয়। এনকাউন্টার যখন সরকারের নীতি হয়ে যায়, তখন পুলিশ আর রক্ষক থাকে না, হয়ে যায় ভাড়াটে খুনি। আর রাষ্ট্র আর গণতন্ত্র থাকে না, হয়ে যায় বন্দুকতন্ত্র।
পশ্চিমবঙ্গ — গত ৬ মাসে ৫টা এনকাউন্টার কিলিং। বাংলা একসময় ছিল — কবিতার বাংলা, প্রতিবাদের বাংলা, মানবাধিকারের বাংলা। সেই বাংলায় এখন গত ৬ মাসে ৫টা এনকাউন্টার কিলিং — বিজেপি সরকার আসার পর থেকে।
১. বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা — ৮ জুলাই ২০২৬:
প্রভাস মণ্ডল, ১১ বছরের মেয়েকে ধর্ষণ ও খুনের অভিযুক্ত। পুলিশ বলছে — ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের সময় সে পুলিশের রিভলবার কেড়ে নিয়ে গুলি চালায়, পাল্টা গুলিতে মারা যায়।
২. গাইঘাটা, উত্তর ২৪ পরগনা — ২৭ অক্টোবর ২০২৬, রাত ১২টা:
প্রহ্লাদ দাস, ২৩ বছর, ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের অভিযুক্ত। একই গল্প — মধ্যরাতে ক্রাইম সিনে নিয়ে যাওয়া, রিভলবার কেড়ে নেওয়া, পাল্টা গুলি, মৃত্যু
৩. সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ — ২৭ অক্টোবর ২০২৬, একই দিন, কয়েক ঘণ্টা পর:
সামাউল হক / সামাউন শেখ, বিজেপি কর্মী সুজিত মণ্ডলকে খুনের অভিযুক্ত। CID তদন্ত করছিল। তাকেও ক্রাইম সিন রিকনস্ট্রাকশনের জন্য নিয়ে যাওয়া হলো। একই গল্প — রিভলবার কেড়ে নেওয়া, গুলি, মৃত্যু।
৪. রায়গঞ্জ, উত্তর দিনাজপুর — ৯ নভেম্বর ২০২৬, ভোর ৩টা:
দিলীপ রায়, ৪৫ বছর, ১২ বছরের ভাইঝিকে ধর্ষণ ও খুনের অভিযুক্ত। বিহার পালাচ্ছিল। পুলিশ বলছে — সে গুলি চালায়, পুলিশ পাল্টা গুলি চালায়। রায়গঞ্জ মেডিকেল কলেজে মৃত ঘোষণা।
৫. নানুর, বীরভূম— ১৫ নভেম্বর ২০২৬ রবিবার দুপুর
রতন শেখ পুলিশের গুলিতে মারা গেল। তার বিরুদ্ধে নাকি ৩৬টা মামলা ছিল। গত শুক্রবার, ১৪ নভেম্বর শান্তিনিকেতনে পুলিশ তাকে ধরতে গেলে সে গুলি চালায়। তাতে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে গুলি লাগে। মুখ্যমন্ত্রী সেই দিনই জানিয়ে দেন, পুলিশের ওপর যে গুলি চালিয়েছে তাকে কোনোমতেই ছাড়া হবে না। রবিবার সকালে পুলিশ তাকে ধরে। তারপর তাকে নানুরের এক ইটভাটায় নিয়ে যাওয়া হয়, যেখানে সে অস্ত্র লুকিয়ে রেখেছিল বলে জানায়। সেখানে সে হাত থেকে বন্দুক নিয়ে পুলিশকে গুলি করে বলে পুলিশের দাবি। পাল্টা গুলিতে সে মারা যায়। তাকে নানুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। বিজেপি সরকার আসার পর ৬ মাসে এটা রাজ্যে ৫ নম্বর এনকাউন্টার।
পঞ্চম এনকাউন্টারের গল্পে একটু ভিন্নতা থাকলেও আগের চারটে এনকাউন্টার, চারটে একই গল্প — রিভলবার কেড়ে নেওয়া, পাল্টা গুলি, মৃত্যু। ইন্ডিয়ান এক্সপ্রেস ৩০ অক্টোবর ২০২৬ লিখেছে — “এই পুনরাবৃত্তিই হলো এনকাউন্টারের নতুন রূপ — শাসনের কৌশল হিসেবে এনকাউন্টার।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন — “পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। পুলিশ কি রসগোল্লা ছুঁড়বে?” পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন রায়গঞ্জের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়েছে। সিপিএমের মহম্মদ সেলিম বলেছেন — এগুলো “স্ক্রিপ্টেড”।
১৯৬৭- বাংলায় তখন যুক্তফ্রন্ট সরকার
সরকার শপথ নিল ২ মার্চ ১৯৬৭
দার্জিলিং জেলার ছোট্ট একটা গ্রাম — নকশালবাড়ি। তার পাশে আরেকটা ছোট্ট গ্রাম — প্রসাদজোত। মুখ্যমন্ত্রী অজয় মুখার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী জ্যোতি বসু। গ্রামের গরিব কৃষক, আদিবাসী, বর্গাদাররা বলছেন — “আমাদের জমি জোতদাররা কেড়ে নিয়েছে। আমরা যে জমি চাষ করি, সেই জমির ফসল আমাদের দিতে হবে। তেভাগা চাই। জমি চাই।“ নেতৃত্বে তিনজন — চারু মজুমদার, কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল।
২৪ মে ১৯৬৭
পুলিশ গ্রামে ঢুকলো কৃষক নেতাদের ধরতে। গ্রামবাসীরা বাধা দিলেন। তীর ছোঁড়া হলো। পুলিশ ইনস্পেক্টর সোনম ওয়াংদি তীরের আঘাতে মারা গেলেন। পুলিশ ফিরে গেল। কিন্তু পরদিন ফিরে এলো প্রতিশোধ নিতে।
২৫ মে ১৯৬৭
প্রসাদজোত:সেদিন গ্রামের পুরুষরা লুকিয়ে ছিলেন। গ্রামের সামনে দাঁড়িয়ে ছিলেন মহিলারা — হাতে শিশু, কোলে বাচ্চা। তাঁরা রাস্তা আটকে দাঁড়িয়ে ছিলেন, যাতে পুলিশ গ্রামে ঢুকতে না পারে। পুলিশ এলো। বড় বাহিনী। তারপর একটা বড় বটগাছের নিচে, প্রসাদজোতের মাঠে — পুলিশ গুলি চালালো। ১১ জন মারা গেলেন। তার মধ্যে ৯ জন মহিলা, ২ জন শিশু। নামগুলো আজও বেঙ্গাইজোত প্রাইমারি স্কুলের পাশে মার্বেল ফলকে লেখা আছে — ধনেশ্বরী দেবী, সিমাসুরি, গৌদ্রাউ শাইবানি… আরও অনেকে। সরকার বললো — “কৃষকরা মহিলা-শিশুদের ঢাল বানিয়ে পুলিশের উপর তীর চালিয়েছিল, তাই পুলিশ আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয়েছে।”কানু সান্যাল বললেন — “এটা প্রতিশোধমূলক হত্যা। ইচ্ছা করে মহিলা-শিশুদের মারা হয়েছে।”কিন্তু সত্যিটা কী?
সত্যিটা হলো — যে সরকারটা গরিবের সরকার বলে ক্ষমতায় এসেছিল, সেই সরকারই গরিব কৃষকের বুকে গুলি চালালো। আর যিনি গুলি চালানোর নির্দেশ দিলেন, তিনি ছিলেন জ্যোতি বসু — যিনি পরে ২৩ বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকলেন। যুক্তফ্রন্ট সরকারের স্লোগান ছিল — “গণতন্ত্র, জমি, ভাত।”কিন্তু ক্ষমতায় এসে ৩ মাসের মধ্যে সেই সরকারই কৃষকদের উপর গুলি চালালো।
গুলি কি কখনো বিচারের বিকল্প হতে পারে?
জঙ্গলমহল — কিষেণজি
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, প্রথম এনকাউন্টার, আর একটা অমীমাংসিত মৃত্যু।
২০১১ সাল। মে মাসে বাংলায় সরকার বদলালো। বামফ্রন্ট গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। জঙ্গলমহলে তখন মাওবাদীদের দাপট। মমতা বললেন — “বন্দুক নয়, কথা হবে। শান্তি ফিরবে।” মাওবাদীদের সাথে আলোচনা শুরু হলো। কিন্তু ৬ মাসের মাথায়, ২৪ নভেম্বর ২০১১, পশ্চিম মেদিনীপুরের বুড়িশোল জঙ্গলে মাওবাদী পলিটব্যুরো সদস্য মল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজি মারা গেলেন — সরকারের ভাষায় “এনকাউন্টারে”। সরকার বললো — যৌথ বাহিনীর সাথে গুলি বিনিময় হয়েছে, মাওবাদীরা ১০০০ রাউন্ড গুলি চালিয়েছে, পাল্টা গুলিতে কিষেণজি মারা গেছেন। মমতা তখন দিল্লিতে ছিলেন। তিনি বললেন — “আমি চেয়েছিলাম কিষেণজিকে জীবিত ধরা হোক। আমি তো তিন দিন সময় দিয়েছিলাম আত্মসমর্পণের জন্য। এটা পরিকল্পিতভাবে হয়নি।”
কিন্তু মানবাধিকার কর্মীরা, APDR, আর কিষেণজির মা বললেন অন্য কথা — এটা এনকাউন্টার নয়, এটা ফেক এনকাউন্টার। তাঁকে আগে ধরা হয়েছিল, তারপর ঠাণ্ডা মাথায় মেরে ফেলা হয়েছে। তাঁর শরীরে গুলির দাগ দেখে সন্দেহ আরও বাড়লো। মাওবাদীরা ২ দিনের বনধ্ ডাকলো, স্বাধীন তদন্ত দাবি করলো। পরবর্তীকালে বেলপাহাড়ির এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলে ফেললেন — “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই কিষেণজিকে মেরেছে।”মানে সরকার নিজেই স্বীকার করে নিল — এটা এনকাউন্টার ছিল না, এটা সরকারের সিদ্ধান্ত ছিল।
কিষেণজির মৃত্যুর পর জঙ্গলমহলে মাওবাদী আন্দোলন কার্যত শেষ হয়ে গেল। শান্তি ফিরলো, ঠিকই। কিন্তু প্রশ্নটা রয়ে গেল — শান্তি কি বিচারের মধ্য দিয়ে এলো, নাকি বন্দুকের মধ্য দিয়ে এলো? যদি কিষেণজিকে জীবিত ধরে বিচার করা হতো, তাহলে জঙ্গলমহলের আসল সত্যিটা বেরিয়ে আসতো — কে কাকে মেরেছে, কে কাকে মদত দিয়েছে, কে রাজনীতির জন্য মাওবাদীদের ব্যবহার করেছে। কিন্তু এনকাউন্টার সেই সত্যিটাকে মেরে ফেললো। কিষেণজির সাথে সাথে জঙ্গলমহলের অনেক প্রশ্নেরও মৃত্যু হলো। আর এখান থেকেই বাংলায় একটা নতুন নিয়ম তৈরি হলো — এনকাউন্টার দিয়ে সমস্যা মেটানো যায়। আজ ২০২৬-এ বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ, রায়গঞ্জে যা হচ্ছে, তার শুরুটা কিন্তু ২০১১-তে বুড়িশোলের জঙ্গলেই হয়েছিল।
মরিচঝাঁপি — ১৯৭৯
যে গণহত্যার কথা বাংলায় বলা বারণ ছিল।
১৯৭৮ সাল। বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা — বেশিরভাগই দলিত, নমঃশূদ্র, মৎস্যজীবী — যাঁদের দেশভাগের পর দণ্ডকারণ্যে পাঠানো হয়েছিল, তাঁরা জীবন-জীবিকায় বিপন্ন বোধ করায় ফিরে আসতে চাইলেন বাংলায়। তাঁরা বললেন — “আমরা দণ্ডকারণ্যের পাথুরে জমিতে বাঁচতে পারছি না। আমরা সুন্দরবনের মরিচঝাঁপি দ্বীপে থাকবো। মাছ ধরবো, চাষ করবো, বাঁচবো।”প্রায় ৩০,০০০-৪০,০০০ মানুষ মরিচঝাঁপিতে এসে বসতি গড়লেন। স্কুল বানালেন, বাজার বানালেন, চাষ শুরু করলেন।
কিন্তু বামফ্রন্ট সরকার বললো — “মরিচঝাঁপি সংরক্ষিত বনাঞ্চল। এখানে থাকা যাবে না। এটা বেআইনি দখল।”জ্যোতি বসুর সরকার প্রথমে বলেছিল — উদ্বাস্তুদের ফিরিয়ে আনা হবে। বিরোধী দলে থাকতে সিপিএম উদ্বাস্তুদের পক্ষে লড়েছিল। কিন্তু ক্ষমতায় এসে সিপিএম বললো — “এদের তুলে দিতে হবে।”
১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে — ৫ মাস ধরে চললো অবরোধ। খাবার বন্ধ, জল বন্ধ, ওষুধ বন্ধ। পুলিশ দ্বীপ ঘিরে ফেললো। নৌকা চলাচল বন্ধ। বাইরে থেকে কেউ খাবার নিয়ে যেতে পারবে না। উদ্বাস্তুরা যখন খাবারের জন্য বাইরে যেতে চাইলেন, তখন পুলিশ গুলি চালালো।
১৯৭৯ সালের ৩১ জানুয়ারি — সবচেয়ে ভয়ংকর দিন। পুলিশ দ্বীপে ঢুকে গুলি চালালো, লাঠি চালালো, ঘর জ্বালিয়ে দিল। কতজন মারা গেলেন? সরকার বললো — ২ জন। মানবাধিকার কর্মীরা বললেন — শত শত। কেউ কেউ বলেন — হাজার হাজার। লেখক অমিতাভ ঘোষের দ্য হাংগ্রি টাইড-এ, সাংবাদিক রস মল্লিক, দীপ হালদারের বই ব্লাড আইল্যান্ড-এ লেখা আছে — মৃতদেহগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কুমিরে খেয়েছে, কবর দেওয়া হয়নি। মেয়েদের উপর অত্যাচার হয়েছিল। শিশুরা না খেয়ে মারা গিয়েছিল।
মরিচঝাঁপির পর সরকার বললো — “কিছুই হয়নি।” বিধানসভায় প্রশ্ন উঠলে জ্যোতি বসু বললেন — “মরিচঝাঁপিতে কোনো গণহত্যা হয়নি।”কিন্তু যাঁরা বেঁচে গেলেন, তাঁরা বললেন — “আমরা দেখেছি, আমাদের চোখের সামনে আমাদের বাবা-মা, ভাই-বোন মারা গেছে। সরকার আমাদের মেরেছে।”মরিচঝাঁপির সবচেয়ে বড় কষ্টের কথা মানুষগুলো বাইরের লোক ছিলেন না। তাঁরা ছিলেন বাঙালি। তাঁরা ছিলেন দলিত। তাঁরা ছিলেন উদ্বাস্তু। তাঁরা শুধু বাঁচতে চেয়েছিলেন। আর তাঁদের মারলো সেই সরকার, যেই সরকার দলিতদের, গরিবদের, উদ্বাস্তুদের হয়ে কথা বলতো।
মরিচঝাঁপি প্রমাণ করে দিল — ক্ষমতায় গেলে বাম হোক, ডান হোক — রাষ্ট্র একই রকম নিষ্ঠুর হয়ে যায়। রাষ্ট্রের কাছে গরিব মানুষের জীবনের কোনো দাম থাকে না। রাষ্ট্রের কাছে বন, বাঘ, আইন — সবকিছু মানুষের জীবনের চেয়ে বড় হয়ে যায়।
আজ ৪৭ বছর পরেও মরিচঝাঁপির কোনো বিচার হয়নি। কোনো কমিশন হয়নি। কোনো ক্ষমা চাওয়া হয়নি। কোনো স্মৃতিসৌধ নেই। বাংলার ইতিহাসে নন্দীগ্রাম, নেতাই, সিঙ্গুর — সব মনে রাখা হয়েছে। কিন্তু মরিচঝাঁপিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ মরিচঝাঁপি মনে করিয়ে দেয় — গণহত্যা শুধু ডানপন্থীরা করে না, বামপন্থীরাও করতে পারে। আর যতদিন মরিচঝাঁপির বিচার না হবে, ততদিন বাংলায় কোনো সরকারই বলতে পারবে না — “আমরা মানবিক।”
বামফ্রন্টের সময় রাজনৈতিক খুন
যখন রাষ্ট্র আর দল এক হয়ে গেল।
বামফ্রন্ট ১৯৭৭ সালে ক্ষমতায় এলো “গণতন্ত্র ফিরিয়ে আনার” প্রতিশ্রুতি দিয়ে। জরুরি অবস্থার অন্ধকারের পর মানুষ ভেবেছিল — এবার শান্তি আসবে। প্রথম ১০-১৫ বছর অনেক ভালো কাজও হলো — ভূমি সংস্কার, পঞ্চায়েত, অপারেশন বর্গা। কিন্তু ধীরে ধীরে দল আর সরকার, পার্টি আর পুলিশ — এক হয়ে গেল। বাংলায় তখন একটা কথা চালু হলো — “আমরা, ওরা”। যারা আমাদের লোক, তারা বাঁচবে। যারা ওদের লোক, তারা মার খাবে।
১. নানুর, বীরভূম — ২০০০ সাল:
সিপিএমের সাথে তৃণমূলের সংঘর্ষে ১১ জন তৃণমূল কর্মী / কৃষককে পিটিয়ে খুন করা হলো। অভিযোগ — সিপিএমের হার্মাদ বাহিনী। সিপিএম বললো — এটা গোষ্ঠী সংঘর্ষ। কিন্তু গ্রামের মানুষ বললো — এটা পরিকল্পিত খুন।
২. ছোট আঙারিয়া, পশ্চিম মেদিনীপুর — ২০০১ সাল:
তৃণমূলের অভিযোগ — সিপিএমের লোকেরা ৫ জন তৃণমূল কর্মীকে পুড়িয়ে মেরেছে, বাড়িতে আগুন দিয়ে। সিপিএম বললো — মিথ্যে। কিন্তু CBI তদন্তে আগুন লাগার প্রমাণ মিললো।
৩. নন্দীগ্রাম — ১৪ মার্চ ২০০৭:
এটাই বামফ্রন্টের সবচেয়ে বড় কালো দাগ। সালেম গ্রুপের কেমিক্যাল হাবের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছিল। ১৪ মার্চ পুলিশ গুলি চালালো। সরকারি হিসেবে ১৪ জন মারা গেলেন, বেসরকারি হিসেবে আরও বেশি। নারীদের উপর অত্যাচারের অভিযোগ উঠলো। মানুষ বললো — পুলিশের সাথে সিপিএমের হার্মাদরাও ছিল। নন্দীগ্রামের পর বাংলার মানুষ বুঝে গেল — যে বামফ্রন্ট একসময় পুলিশের গুলির বিরুদ্ধে লড়েছিল, সেই বামফ্রন্টই এখন পুলিশ দিয়ে গুলি চালাচ্ছে।
৪. নেতাই, লালগড় — ৭ জানুয়ারি ২০১১:
সিপিএম নেতা রথীন দত্তের বাড়ি থেকে গুলি চললো। ৯ জন গ্রামবাসী মারা গেলেন। তাঁরা জমি বাঁচাতে গিয়েছিলেন। সিবিআই তদন্তে সিপিএম নেতাদের নাম এলো। মমতা পরে বলেছিলেন — “নেতাইয়ের খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে।”
৫. সিঙ্গুর — ২০০৬-২০০৮:
টাটার ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণ। তাপসী মালিক নামে এক তরুণী কর্মীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হলো। অভিযোগ উঠলো সিপিএমের বিরুদ্ধে। কেস হলো, সাজা হলো — কিন্তু বাংলার মানুষের মনে দাগ থেকে গেল।
এছাড়া সত্তরের দশকের শেষ থেকে আশির দশক — কংগ্রেস-সিপিএম সংঘর্ষে শত শত খুন। সাঁইবাড়ি হত্যাকাণ্ড, বানতলা, ধানতলা — একটার পর একটা। বামফ্রন্টের রাজনৈতিক খুনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, বামফ্রন্ট খুন করতো না সরাসরি পুলিশ দিয়ে। খুন করতো “হার্মাদ” দিয়ে — দলের ক্যাডার দিয়ে। আর পুলিশ চুপ করে থাকতো। FIR হতো না। তদন্ত হতো না। মানে — দল খুন করবে, পুলিশ দেখবে না, সরকার বলবে — “এটা গোষ্ঠী সংঘর্ষ।”আর এই কারণেই ২০১১ সালে মানুষ বামফ্রন্টকে সরিয়ে দিল। মানুষ ভেবেছিল — এবার রাজনৈতিক খুন বন্ধ হবে। কিন্তু হলো কী? দল বদলালো, খুনের ধরন বদলালো — কিন্তু খুন বন্ধ হলো না। বামফ্রন্টের হার্মাদ গেল, তৃণমূলের বাহিনী এলো। তারপর এখন বিজেপির সময়ে এনকাউন্টার এলো। বাংলার দুঃখটা এখানেই — ক্ষমতা বদলায়, কিন্তু খুনের রাজনীতি বদলায় না।
তাই প্রশ্নটা রাজনীতির নয়, প্রশ্নটা ন্যায়ের। যে মেয়েটা ধর্ষিতা হলো, তার পরিবার কি ন্যায় পেল? না। কারণ বিচার হলো না। প্রমাণ হলো না। সাক্ষী এলো না। শুধু অভিযুক্ত মারা গেল। আর আসল অপরাধ — কেন মেয়েটা নিরাপদ ছিল না, কেন পুলিশ আগে ব্যবস্থা নেয়নি, কেন ফরেনসিক রিপোর্ট আসে না — সেই প্রশ্নগুলো চাপা পড়ে গেল। বাংলায় এখন ২,৪৫৪টা ধর্ষণের মামলা জমে আছে মে মাস থেকে। কটায় চার্জশিট হয়েছে? কটায় বিচার শুরু হয়েছে? কেউ জানে না। কারণ এনকাউন্টার দিয়ে বিচারের অভাবকে ঢেকে দেওয়া হচ্ছে। বাংলা যদি UP-র পথে যায়, তাহলে বাংলা আর বাংলা থাকবে না। বাংলা হয়ে যাবে বুলডোজার আর বন্দুকের বাংলা।
হেট স্পিচ:মুখের হিংসা
হাতের হিংসার আগে আসে হেট স্পিচ
মানে শুধু খারাপ কথা নয়। হেট স্পিচ মানে হিংসার লাইসেন্স। ভারতে এখন হেট স্পিচ একটা রাজনৈতিক কৌশল হয়ে গেছে। ২০২৪ সালের নির্বাচনে হেট স্পিচ ৭৪% বেড়েছে, তার ৯৮.৫% মুসলমানদের বিরুদ্ধে। জমিয়তের হিসেবে গত এক বছরে ১৬০০+ হেট স্পিচ, ৮৭% ক্ষেত্রে FIR নেই। UP-তে মুখ্যমন্ত্রী বলেন — “বাটেঙ্গে তো কাটেঙ্গে” — ভাগ হলে কাটা পড়বে। বাংলায় এখন নতুন স্লোগান — “অনুপ্রবেশকারী”, “বাংলাদেশি”, “রোহিঙ্গা”। হেট স্পিচের সবচেয়ে ভয়ংকর দিক দচ্ছে, এই হেট স্পিচ যখন সরকারের মুখ থেকে আসে, তখন সাধারণ মানুষ ভাবে — এটা বলা যায়। তখন রাস্তার লোকও বলতে শুরু করে। তখন পুলিশও বলে — এটা তো নেতাই বলেছে। হেট স্পিচ প্রথমে মুখে আসে, তারপর হাতে আসে, তারপর বুলডোজারে আসে, তারপর বন্দুকে আসে। আর হেট স্পিচের বিরুদ্ধে আইন আছে — IPC ১৫৩A, ২৯৫A। কিন্তু সেই আইন শুধু বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার হয়। শাসক দলের নেতার বিরুদ্ধে ব্যবহার হয় না। যখন হেট স্পিচের শাস্তি হয় না, তখন হেট স্পিচ হয়ে যায় রাষ্ট্রীয় ভাষা।
সরকারের অজ্ঞতা — জানি না, বুঝি না, দেখি না। এবার আসি সবচেয়ে চুপচাপ পদদলনে — সরকারের অজ্ঞতা। সরকারের অজ্ঞতা মানে সরকার জানে না, তা নয়। সরকারের অজ্ঞতা মানে সরকার জানতে চায় না। কৃষক আত্মহত্যা করছে — সরকার বলে, তথ্য নেই। বেকারত্ব বাড়ছে — সরকার বলে, তথ্য নেই। এনকাউন্টারে কতজন মারা গেছে — সরকার বলে, তথ্য নেই। CAA-তে কতজন নাগরিকত্ব পেল — সরকার বলে, তথ্য নেই। অক্সিজেনের অভাবে কতজন মারা গেছে কোভিডে — সরকার বলে, কোনো মৃত্যু হয়নি। এটা অজ্ঞতা নয়, এটা ইচ্ছাকৃত অন্ধত্ব। RTI দুর্বল করে দেওয়া হয়েছে। পরিসংখ্যান বিভাগকে চাপ দেওয়া হচ্ছে। সেন্সাস হচ্ছে না। জাতিগত জনগণনা নিয়ে টালবাহানা চলছে। যে সরকার তথ্য জানে না, সে সরকার সিদ্ধান্ত নেবে কীভাবে? আসলে তথ্য না জানাটাই সিদ্ধান্ত। কারণ তথ্য জানলে প্রশ্ন উঠবে। প্রশ্ন উঠলে জবাব দিতে হবে। জবাব না দেওয়ার সবচেয়ে সহজ উপায় — তথ্য না রাখা। এই অজ্ঞতাই হলো গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। কারণ গণতন্ত্র বাঁচে তথ্যের উপর। তথ্য ছাড়া গণতন্ত্র অন্ধ। আর এই অন্ধত্বের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। কারণ সরকার যখন জানে না, তখন সাধারণ মানুষের কষ্টও সরকারের খাতায় ওঠে না।
আদানির হাতে পশ্চিমবঙ্গ
বিলিয়ে দেওয়া — উন্নয়ন, নাকি বিক্রি?
তাকিয়ে দেখি আমার বাংলার ভবিষ্যত।
২০২২ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাজপুর বন্দরের LOI দিয়েছিলেন করণ আদানিকে — ২৫,০০০ কোটি টাকার প্রকল্প, ৯৯ বছরের লিজ। তারপর হিন্ডেনবার্গ রিপোর্ট এলো — আদানির বিরুদ্ধে শেয়ার কারচুপি, অ্যাকাউন্টিং জালিয়াতির অভিযোগ। মমতা সরকার চুক্তি বাতিল করলো।
এখন ২০২৬ সালে বিজেপি সরকার আসার পর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন — “আদানির সাথে কথা হয়েছে।” তাজপুর থেকে বন্দর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দাদনপাত্রবারে — ১০ কিমি উত্তরে, ১,৭০০ একর জমিতে। কারণ তাজপুরে জমি নেই। আদানি এখন বাংলায় ১ লাখ কোটি টাকার বেশি বিনিয়োগের কথা বলছেন — বন্দর, লজিস্টিকস, বিদ্যুৎ, সড়ক, সেতু, রোপওয়ে, গ্রিন সিমেন্ট, ডেটা সেন্টার, স্বাস্থ্য। প্রশ্ন হলো — এটা উন্নয়ন, নাকি বিক্রি? দেওচা পাচামি — ভারতের সবচেয়ে বড় কয়লা ব্লক, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম — বীরভূমে। এখানে আদিবাসী, কৃষকদের জমি। তাঁরা জমি দিতে চান না। কিন্তু কয়লা তুলতে হবে। কার জন্য? বাংলার জন্য, নাকি আদানির জন্য?পুরুলিয়া — রেয়ার আর্থ, ক্রিটিক্যাল মিনারেল — ভারতের কৌশলগত খনিজ। এটাও আদানির হাতে যাচ্ছে। তাজপুর / দাদনপাত্রবার বন্দর — বঙ্গোপসাগরের প্রবেশদ্বার — এটাও আদানির হাতে । হলদিয়া বন্দর — ৩০ বছরের লিজ — আদানির হাতে। মানে — বাংলার মাটি, বাংলার কয়লা, বাংলার সমুদ্র, বাংলার খনিজ — সব একটা কোম্পানির হাতে। এটাকে বলে ক্রোনি ক্যাপিটালিজম — বন্ধু-পুঁজিবাদ। সরকার আর একটা কোম্পানি মিলে দেশ চালায়। গুজরাটে মুন্দ্রা বন্দর আদানির। মহারাষ্ট্রে ধামরা বন্দর আদানির। অন্ধ্রে গঙ্গাবরম আদানির। তামিলনাড়ুতে কাট্টুপল্লি আদানির। এখন বাংলা বাকি ছিল। আদানি আসলে শুধু ব্যবসায়ী নন। আদানি হলেন একটা ব্যবস্থার প্রতীক — যেখানে রাষ্ট্র আর কর্পোরেট এক হয়ে যায়। রাষ্ট্র জমি দেবে, পুলিশ দিয়ে জমি খালি করবে, আইন বদলাবে, আর কর্পোরেট মুনাফা নেবে।
বাংলার মানুষ কি চাকরি পাবে? হয়তো কিছু পাবে। কিন্তু বাংলার মানুষ কি মালিক থাকবে? না। মালিক হবে আদানি। একসময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করতে, তারপর দেশটা নিয়ে নিয়েছিল। এখন আদানি আসছেন ব্যবসা করতে। ইতিহাস কি আবার ফিরে আসছে? বাংলাকে বিলিয়ে দেওয়া মানে শুধু জমি বিলিয়ে দেওয়া নয়। বাংলাকে বিলিয়ে দেওয়া মানে বাংলার ভবিষ্যৎ বিলিয়ে দেওয়া।
বিশ্ব পরিস্থিতিতে ভারতের একা হয়ে যাওয়া
একসময় ভারত ছিল বিশ্বের বিবেক।
নেহেরুর ভারত মানে ছিল — জোট-নিরপেক্ষতা, শান্তি, উন্নয়নশীল দেশের নেতৃত্ব। গান্ধীর ভারত মানে ছিল — অহিংসা, সত্যাগ্রহ। আজ সেই জায়গাটা কোথায়?
ক) পশ্চিমের চোখে ভারত আর গণতন্ত্রের উদাহরণ নয়: আমেরিকা, ইউরোপ — যারা একসময় ভারতকে “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র” বলে প্রশংসা করতো, তারা এখন ভারতকে নিয়ে রিপোর্ট লেখে — প্রেস ফ্রিডম, ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন নিয়ে।
খ) প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভেঙে যাওয়া: বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ — সবাই ভারত থেকে দূরে সরে যাচ্ছে। চীন সেখানে ঢুকে পড়ছে।
গ) নৈতিক অবস্থান হারানো: একসময় ভারত যুদ্ধের বিরুদ্ধে কথা বলতো। আজ ভারত রাশিয়া থেকে তেল কিনছে, ইজরায়েলকে অস্ত্র দিচ্ছে, আবার আমেরিকাকেও খুশি রাখতে চাইছে। ফল — কেউই ভারতকে বিশ্বাস করে না।
ঘ) অর্থনীতি বনাম মর্যাদা: হ্যাঁ, ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। কিন্তু বিশ্বে সম্মান কি জিডিপি দিয়ে কেনা যায়? ভারতের সবচেয়ে বড় সফট পাওয়ার ছিল — তার গণতন্ত্র, তার বৈচিত্র্য, তার সহনশীলতা। “বৈচিত্র্যের মধ্যে ঐক্য” — এটাই ছিল ভারতের ব্র্যান্ড। আজ সেই ব্র্যান্ডটাই ভেঙে যাচ্ছে। ভারত এখন বিশ্বে একা — অর্থনীতিতে বড়, কিন্তু নৈতিকতায় ছোট। অস্ত্রে শক্তিশালী, কিন্তু বন্ধুত্বে দুর্বল।
তাহলে ভারতের অবস্থান কোথায়? ভারতে এখনো নির্বাচন হয়। এখনো কোর্ট আছে। এখনো সংবাদপত্র ছাপা হয়। এখনো সংসদ বসে। কিন্তু এই কাঠামোগুলোর ভেতরটা ধীরে ধীরে ফাঁপা হয়ে যাচ্ছে। ভি-ডেম ভারতকে এখন ‘নির্বাচনী স্বৈরতন্ত্র’ বলে। ইকোনমিস্ট ভারতকে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’ বলে। ফ্রিডম হাউস ভারতকে ‘আংশিকভাবে স্বাধীন’ বলে। যখন ৬ বছর ধরে বিচার ছাড়া জেলে থাকা যায়, তখন ২১ নং ধারা কোথায়? যখন সাংবাদিককে খবর করার জন্য আটক করা হয়, তখন ১৯ নং ধারা কোথায়? যখন একটা ধর্মের মানুষকে CAA থেকে বাদ দেওয়া হয়, তখন ১৪ নং ধারা কোথায়? SIR-এর নামে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হয়, যখন বুলডোজার দিয়ে বিনা বিচারে বাড়ি ভাঙা হয়, তখন আইনের শাসন কোথায়? যখন এনকাউন্টার দিয়ে বিচারকে বাইপাস করা হয়, তখন কোর্ট কোথায়? আম্বেদকর বলেছিলেন — “গণতন্ত্র হলো সরকারের একটা রূপ, তার চেয়েও বেশি, এটা হলো একসাথে বাঁচার একটা পদ্ধতি।” সেই একসাথে বাঁচার পদ্ধতিটাই এখন ভাঙছে।
আপাতত শেষ কথা — গণতন্ত্র রক্ষা করবে কে? ইতিহাস বলে, গণতন্ত্র রাতারাতি শেষ হয় না। শেষ হয় একটা একটা করে প্রতিষ্ঠান দিয়ে, একটা একটা করে স্বাধীনতা দিয়ে, একটা একটা করে আপস দিয়ে। জার্মানিতে যেমন হয়েছিল, ভারতেও তেমনই হচ্ছে — শুধু রূপটা আলাদা। সেখানে ছিল গোয়েবলস, এখানে আছে আইটি সেল। সেখানে ছিল গেস্টাপো, এখানে আছে ED-CBI। সেখানে ছিল ইহুদি, এখানে আছে মুসলমান। সেখানে ছিল কনসেন্ট্রেশন ক্যাম্প, এখানে আছে এনকাউন্টার আর বুলডোজার।
কিন্তু ইতিহাস এটাও বলে — গণতন্ত্রকে রাজনীতিবিদরা রক্ষা করে না। রক্ষা করে সেই নাগরিকরা, যারা সেটাকে ছেড়ে দিতে অস্বীকার করে। ভারতের গণতন্ত্র যদি বাঁচে, তাহলে বাঁচবে কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকা আইনজীবীদের জন্য, রাস্তায় দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের জন্য, জেলে বসে থাকা ছাত্রদের জন্য, জঙ্গলে দাঁড়িয়ে থাকা আদিবাসীদের জন্য, আর সেই সাধারণ মানুষের জন্য — যারা এখনো বিশ্বাস করে, ভোটের চেয়ে বড় হলো সংবিধান, আর সংবিধানের চেয়ে বড় হলো মানুষ। গণতন্ত্র যখন শুধু ভোট হয়ে যায়, তখন ভোটও একদিন থাকে না। ভারতকে ঠিক করতে হবে — সে কি ভোটের গণতন্ত্র চায়, নাকি মানুষের গণতন্ত্র চায়? সে কি এক্সক্লুসিভ সমাজ চায়, নাকি ইনক্লুসিভ সমাজ চায়? সে কি রাষ্ট্রের গণতন্ত্র চায়, নাকি সাধারণ মানুষের গণতন্ত্র চায়? সে কি আদানির বাংলা চায়, নাকি মানুষের বাংলা চায়? কারণ দেশটা যদি আর সবার না থাকে, তাহলে দেশটা আর কারোরই থাকে না।