সুব্রতদা চলে গেল। কোনো আগাম নোটিস না দিয়েই। এটা ঠিক না, কিন্তু কী করা যাবে, এরকম হামেশা ঘটছে। হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো প্রিয়জন কোনো আগাম নোটিস না দিয়েই চিরকালের মত চলে যাচ্ছে। কিছু বলার নেই।
কালধ্বনির আড্ডায় আমার উপস্থিতির প্রথম দিন থেকে আমি সুব্রতদাকে পেয়েছিলাম। আকর্ষণের প্রথম কারণ ছিল শ্বশ্রূগুম্ফে প্রায় ঢাকা পড়া অথচ প্রসন্ন ওরকম একটা মুখ কালধ্বনিতে আর ছিল না। সুব্রতদা স্বভাবে উচ্চভাষী ছিল না, উচ্চকিত ছিল না। দেখলে মনে হত মানুষটা নির্বিরোধ ও নিস্পৃহ ধরনের। কিন্তু তার মানে এই নয় যে তার নিজস্ব ধ্যানধারণা বলতে কিছু ছিল না বা সেসব ধ্যানধারণার দৃঢ়তা ছিল না। সেগুলো কোনোকিছু নিয়ে তার সঙ্গে যখন মৃদুস্বরে আলাপ করতাম, তখন বুঝতে পারতাম। জ্ঞানভাণ্ডার ও শব্দভাণ্ডার দুটোই অন্তত আমার থেকে যে বেশি ছিল, দুএকটা টুকরো টুকরো ঘটনায় তারও প্রমাণ পেয়েছি।
সুব্রতদার সঙ্গে কালধ্বনির আড্ডায় যখন প্রথম পরিচয়, বোধহয় ঠিক সেই সময় আমি পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে শিবেন্দুদার নেতৃত্বে ও তরুণদার (তরুণ পাইন) সহযোগে একটা ১৮৭২ সালে বেরোনো আঞ্চলিক ইতিহাসের বই সটীক পুনঃপ্রকাশের আয়োজন করছি। সেই সময় আমাদের অবকাশের আড্ডা জমত কখনো উচ্চশিক্ষা দপ্তরের লাইব্রেরিতে, কখনো জয়শ্রী প্রেসে, বা কাজ সেরে বাড়ি ফেরার পথে। সেই সময় তরুণদার কাছে যে দুজনে মিলে একদা একসঙ্গে কাজ করার টুকটাক গল্প শুনেছি, তাদের একজন ছিল তরুণদা, অপরজন সুব্রতদা। বসার জায়গা অব্দি নেই, সিঁড়িতে বসে একসঙ্গে কাজ করছে। সেসব পরিশ্রমের কথা কোথাও লেখা থাকবে না, কিন্তু একটি বইয়ের যথাসম্ভব নিখুঁত টীকা তৈরি, গ্রন্থপঞ্জি তৈরি, নির্ভুল প্রুফ দেখা, নির্ঘণ্ট তৈরি এবং কখনো কখনো সম্পাদনা ইত্যাদি ব্যাপারে তাদের যে অবদান, সেই অবদানের অর্ধেক অবশ্যই সুব্রতদার পাওনা।
আমার জীবনে দুটি মানুষের স্পর্শ অক্ষয় হয়ে রয়ে গেছে। একটা হচ্ছে রামেশ্বরম যাবার পথে আমাদের গাড়িটা খারাপ হয়ে যাবার পর সারানোর জন্যে রামানাথাপুরম থেকে মিস্ত্রি আসার অপেক্ষায় আমাদের যখন বসে থাকতে হয়েছিল, তখন স্থানীয় স্কুল থেকে আমাদের খাওয়ার বন্দোবস্ত করা পঞ্চবরণম স্বামী, যিনি ছিলেন ঐ স্কুলের সেক্রেটারি। গাড়িতে ওঠার সময় তিনি আমার হাতে যে চুমুটা খেয়েছিলেন, তার স্পর্শ। আর একটা হচ্ছে কিছুদিন আগে কালধ্বনির সম্পাদকের বাড়িতে আমাদের যে আড্ডা বসেছিল, সেই আড্ডায় দরজা খুলে ঢোকার পরই সুব্রতদার এগিয়ে এসে আলিঙ্গন, সেই আলিঙ্গনের স্পর্শ।